গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘আমার আয়ের সংসার’ নামে একটি নতুন প্রকল্প গ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এই প্রকল্পের আওতায় হাঁস-মুরগির খামার, গবাদি পশু পালন, মাছ চাষসহ বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম গড়ে তুলতে সরকারি সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। ইশতেহার ঘোষণা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
নারীবান্ধব নগর পরিকল্পনার প্রতিশ্রুতি
ইশতেহারে নারীদের জন্য নারীবান্ধব নগর পরিকল্পনার অংশ হিসেবে ব্রেস্টফিডিং কর্নার স্থাপন, আলাদা টয়লেট এবং নামাজের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
ডা. শফিকুর রহমান বলেন,
“জীবনব্যাপী শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ চালু করে নারীদের কর্মজীবনে ফিরে আসার পথ তৈরি করা হবে।”
ডে-কেয়ার সেন্টার বাড়ানোর ঘোষণা
সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণে ডে-কেয়ার সেন্টার বাড়ানোর কথাও জানান তিনি।
নারী স্বাস্থ্য ও ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন
নারীর স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে প্রতিটি জেলায় নারী স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন জামায়াত আমির।
পাশাপাশি নারীদের খেলাধূলা ও প্রশিক্ষণের জন্য জেলা পর্যায়ে ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলারও ঘোষণা দেওয়া হয়।