জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে দেওয়া বক্তব্যে নিজেকে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে গণভোট ও ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতেই তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়ে বহু সরকার এসেছে ও গেছে। তবে মানুষের প্রত্যাশা অনুযায়ী স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেন তিনি।
স্পিকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, “আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।”
তিনি আরও ইঙ্গিত দেন যে, দেশের বর্তমান বাস্তবতায় স্বাধীনতার মূল চেতনা ও লক্ষ্য পূরণে আরও কাজ বাকি রয়েছে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিলেও জাতীয় সংসদের অধিবেশনে এবারই প্রথমবারের মতো এ দাবি উত্থাপন করেন ডা. শফিকুর রহমান।