পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ঘোষিত ঈদুল ফিতরের ছুটি চলাকালে ১০ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং সংশ্লিষ্ট ইউনিটসমূহে নিয়মিত ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে।
এ সময় শিক্ষার্থীদের কোনো ধরনের একাডেমিক কার্যক্রম অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে ঈদের ছুটি শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে যথারীতি শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্বাস্থ্য শিক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের সুবিধার কথা বিবেচনা করেই এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।