চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয়েছে। প্রথম দিনেই নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী।
রোববার (১৯ এপ্রিল) হজ পোর্টালের তথ্য অনুযায়ী, এদিন সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এবং বর্তমানে সেখানে অবস্থান করছেন।
এর আগে, ১৮ এপ্রিল ভোর ৪টা ৫৭ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) যোগে ৪১৬ জন হজযাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দাস্থ কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।
এছাড়াও মক্কা হজ অফিসের কাউন্সিলর কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা হজযাত্রীদের অভ্যর্থনা জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। একই দিনে সরকারি ব্যবস্থাপনার আরও দুটি ফ্লাইটে ৮৩০ জন হজযাত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
হজ সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম দিনে মোট ১১টি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে নেওয়া হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি ফ্লাইটে ২ হাজার ৪৭৭ জন, সৌদি এয়ারলাইন্স ৪টি ফ্লাইটে ১ হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১টি ফ্লাইটে ৪২৩ জন হজযাত্রী পরিবহন করেছে।
এদিকে, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের সহায়তায় আইটি হেল্পডেস্ক কার্যক্রম শুরু করেছে। প্রথম দিনেই তারা ২৭৫টি সেবা প্রদান করেছে। তবে এখন পর্যন্ত কোনো হজযাত্রীর চিকিৎসা সহায়তা নেওয়ার প্রয়োজন হয়নি।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।