ইরান ঘোষণা দিয়েছে যে, ভারতের মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা-তে সংঘটিত হামলার প্রতিশোধ নেওয়া হবে। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি শনিবার এ বার্তা দিয়েছেন।
হাতামি বলেছেন, “আইআরআইএস দেনা-এর ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে ইরানে ফিরে আসছিল। সে সময় সম্পূর্ণ বিনা উসকানিতে জাহাজটিতে হামলা চালানো হয়, যার ফলে শতাধিক ক্রু নিহত হয়। আমরা এই হামলার উপযুক্ত জবাব দেবো।”
তিনি আরও যোগ করেছেন, “আইআরআইএস দেনা-এর ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহস এবং আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। আমাদের প্রতিরক্ষা বাহিনী দেশের সমুদ্রসীমা রক্ষা ও নৌবাহিনীর শক্তিবৃদ্ধির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।”
ঘটনার সূত্রপাত হয় গত ১৮ ফেব্রুয়ারি, যখন ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বিশাখাপত্তমে আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’ অনুষ্ঠিত হয়। ৭০টিরও বেশি দেশ এই মহড়ায় অংশ নেয়। ইরানও তাদের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা নিয়ে অংশগ্রহণ করেছিল।
মহড়া শেষে ইরানি জাহাজটি ইরানে ফেরার পথে ভারত মহাসাগরের শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় ধ্বংস হয়। এতে জাহাজের ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করে শ্রীলঙ্কা নৌবাহিনী এবং শুক্রবার তাদের তেহরানে ফেরত পাঠানো হয়েছে।