বরিশাল নগরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপনের আয়োজন করলেও বিএনপি নেতাকর্মীদের উপস্থিতির খবর পেয়ে কেক ও ব্যানার ফেলে পালিয়ে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত প্রায় ১০টার দিকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের কুদঘাটা মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে সেখানে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী। এ সময় তারা ব্যানার টাঙিয়ে স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন হাওলাদার বলেন, খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে গেলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কেক ও ব্যানার ফেলে দ্রুত সেখান থেকে সরে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি জন্মদিনের কেক ও একটি ব্যানার জব্দ করে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক দেব সরকার বলেন, “৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে শেখ মুজিবুর রহমানের নাম লেখা একটি কেক ও একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
জানা গেছে, বরিশাল জেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিব হোসেন খান এ কর্মসূচির আয়োজন করেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে শহীদ মিনারের সামনে ব্যানার টাঙিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার সামনে রেখে দোয়া ও মোনাজাত করছেন কয়েকজন নেতাকর্মী। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন।
তবে এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, কাউনিয়া থানা এলাকায় এমন কোনো অনুষ্ঠান হওয়ার তথ্য তাদের কাছে নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে তিনজন ছাত্রলীগ অনুসারীকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সামনে কেক রেখে স্লোগান দিতে দেখা গেছে।
পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।