প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান। জানা গেছে, দুই নেতার মধ্যে প্রায় ২০ মিনিটের সংক্ষিপ্ত আলাপচারিতা হয়। পরে সাক্ষাৎ শেষে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করেন।
এর আগে একই দিন বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ-এর সহধর্মিণী দিলার হাফিজের জানাজার নামাজে পাশাপাশি দাঁড়িয়ে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে সংসদ ভবনের দিকে একসঙ্গে হেঁটে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। পরে প্রধানমন্ত্রী তাকে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, “সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত ও সৌজন্যমূলক। আলোচনায় পারস্পরিক সম্মান ও ভদ্রতা বজায় ছিল।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবসময়ই সকলের প্রতি সম্মান ও সৌজন্যতা প্রদর্শন করেন। জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময় থেকে শুরু করে সরকার গঠনের পর বিভিন্ন অনুষ্ঠানে তার এই আচরণ সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে কিছুদূর এগিয়ে দেন, যা তার স্বাভাবিক সৌজন্যতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।