রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যেই বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (৩০ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, এ সময়ের মধ্যে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা হঠাৎ করে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল সামান্য (ট্রেস)।
এদিকে, আগের রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সার্বিকভাবে, দেশের বিভিন্ন অঞ্চলে অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।