বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এদিকে নির্বাচনকে ঘিরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ডা. শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা।
পোস্টে তিনি উল্লেখ করেন, দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ ও শেরপুর-৩—এই দুটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং অতীতে এ ধরনের নির্বাচনের “বিভৎস রূপ” ইতোমধ্যেই জাতির সামনে এসেছে।
তিনি বলেন, জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। সেখানে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে যাবেন, তারা যদি গায়ের জোরে জনগণের রায় পরিবর্তন করে আসেন, তাহলে তা দেশ ও জাতির জন্য ক্ষতিকর হবে।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, যারা সত্যিকারের জনগণের রায়ের ওপর আস্থা রাখেন, তারা কখনোই শক্তি প্রয়োগের পথে হাঁটেন না।
নির্বাচন চলাকালীন এমন মন্তব্য নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। সংশ্লিষ্ট মহলের মতে, এই নির্বাচন দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।